পুরুলিয়ায় টানা বৃষ্টিতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাটির বাড়ি, মৃত দম্পতি সহ ৩
সুজন চক্রবর্তী, ভারতপ্রতিনিধিঃ নিম্ন চাপ ও মৌসুমী অক্ষ রেখার জোড়া ফলায় গত কয়েকদিন ধরেই বৃষ্টিতে ভাসছে ভারতের পশ্চিমবঙ্গ। টানা বৃষ্টিতে মঙ্গলবার (১৫ জুলাই ) পুরুলিয়ায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাটির বাড়ি। চাপা পড়ে মৃত্যু হল ৩ জনের। আহত আরও ৩। তাঁদের পাঠানো হয়েছে হাসপাতালে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কয়েকদিন ধরেই সমস্ত জেলার মতোই বৃষ্টি চলছে পুরুলিয়ায়। এদিন সকালে আচমকাই দুর্ঘটনা। টামনা থানা এলাকায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে একটি মাটির বাড়ি। চাপা পড়েও মোট ৬ জন। প্রথমে স্থানীয়রাই উদ্ধার কাজে হাত লাগান। খবর পেয়ে ছুটে যায় পুলিশ। বেশ কিছুক্ষণের চেষ্টায় তাঁদের উদ্ধার করা হয়। সকলকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ৩ জনকে মৃত বলে ঘোষণা করে। জানা যায়, মৃতদের নাম অমিত তাঁতি, তাঁর স্ত্রী রিমঝিম শবর ও বিনতি শবর। জানা গেছে, অমিত তাঁতির বাড়ি রায়গঞ্জ। পুরুলিয়ায় বেড়াতে গিয়েছিলেন তিনি। জানা যায়, আহতদের প্রাথমিক চিকিৎসা করা হয়েছে। আপাতত সকলেই বিপদমুক্ত। তবে এই ঘটনায় আতঙ্কিত এলাকার বাসিন্দারা। এনিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
