*শিক্ষক দিবসে বিশ্বভারতীর অধ্যাপক সিরাজুল ইসলাম ফ্রন্টপেজ অ্যাকাডেমিতে সংবর্ধিত*
নিজস্ব সংবাদদাতা ,কোলকাতা – শিক্ষক দিবস উপলক্ষে অন্যান্য বছরের ন্যায় এ বছরও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রবীণ শিক্ষক অধ্যাপক ড. সিরাজুল ইসলামকে সংবর্ধনা জানালো ফ্রন্টপেজ গ্রুপ অব ইনস্টিটিউশন। এদিন ফ্রন্টপেজ গ্রুপের অধীনস্ত ফ্রন্টপেজ অ্যাকাডেমি, ফ্রন্টপেজ পাবলিক স্কুল, ফ্রন্টপেজ গার্লস অ্যাকাডেমি আলাদা আলাদা ভাবে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে। অ্যাকাডেমির ছাত্ররা অধ্যাপক সিরাজুল ইসলামকে গড অফ অনার দিয়ে প্রতিষ্ঠানে স্বাগত জানান। ফ্রন্টপেজ গ্রুপের চেয়ারম্যান কামরুজ্জামান অধ্যাপক ড. সিরাজুল ইসলামকে আদর্শ শিক্ষক সম্মাননা ২০২৫ অ্যাওয়ার্ড প্রদান করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার সালাউদ্দিন আহমেদ, ফ্রন্টপেজ এর প্রাক্তনী শিক্ষক আলি আকবর, ফ্রন্টপেজ অ্যাকাডেমির প্রধান শিক্ষক রুহুল কুদ্দুস, ফ্রন্টপেজ গার্লস অ্যাকাডেমির প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, ফ্রন্টপেজ পাবলিক স্কুলের অধ্যক্ষ কাজল বাসু প্রমুখ।
সম্মাননা গ্রহণ করে অধ্যাপক সিরাজুল ইসলাম বলেন আমি আজ এই শুভদিনে ফ্রন্টপেজ অ্যাকাডেমি এসে ও সবকিছু দেখে আমি অভিভূত। এখানে শুধুমাত্র ছেলেদের জন্য নয়, মেয়েদের উন্নয়নের জন্যও একটা বিশেষ শাখা খোলা হয়েছে। শিশুদের শাখা – সেটা আরো চমকপ্রদ। সেটাকে নিয়ে এসে তাদেরকে প্রকৃত মানুষ করে গড়ে তোলার যে একটা প্রয়াস, সেটা অবশ্যই প্রশংসনীয়। ফ্রন্টপেজ অ্যাকাডেমির শৃঙ্খলাবোধ আমাকে বিশেষ অভিভূত করেছে।
