নলহাটির পাথর খাদানে ধ্বসে মৃত্যু, অসহায় পরিবারের পাশে অধ্যাপক নুরুল আলম –
ওয়েব ডেস্ক – নলহাটির বাহাদুরপুর পাথর খাদানে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন ২৬ বছর বয়সী জিয়ারুল শেখ। পরিবারের একমাত্র রোজগেরে জিয়ারুল দিনমজুরির কাজ করতেন খাদানে। স্ত্রী, তিন নাবালক ছেলে ও বৃদ্ধ মাকে নিয়ে কোনোরকমে সংসার চলত তার। সরকারি আবাস যোজনার ঘর বা নিজের জমি কিছুই ছিল না। সরকারি পাট্টার জমিতে কালো ত্রিপলের ছাউনি দিয়েই চলছিল সংসার।
গত শুক্রবারের ধ্বসে মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায় সেই সংসারের একমাত্র ভরসা। স্বামীর মৃত্যুতে ভেঙে পড়েছেন স্ত্রী মানোয়ারা খাতুন। তিনি কান্নায় ভেঙে পড়ে প্রশ্ন তোলেন— আগামী দিনে কীভাবে চলবে সংসার, কীভাবে পড়াশোনা করবে সন্তানরা, কাল থেকে কী খাবে তারা?
এই খবর পেয়ে মৃতের পরিবারের পাশে দাঁড়ান বাংলা জনজাগরণ মঞ্চ-এর সভাপতি অধ্যাপক নুরুল আলম। তিনি আশ্বাস দেন পরিবারের অন্ন সংস্থানের জন্য তৎপরতার সঙ্গে ব্যবস্থা করা হবে এবং সন্তানদের লেখাপড়ার দায়িত্ব নেওয়া হবে। পাশাপাশি তিনি সরকারের কাছে দাবি জানান— অবৈধভাবে চলতে থাকা পাথর খাদান দ্রুত নিয়ন্ত্রণে আনা হোক এবং ঝুঁকিপূর্ণ কাজে থাকা শ্রমিকদের জন্য ইন্সুরেন্স ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা হোক।
