সেবাশ্রয় কর্মসূচিতে নন্দীগ্রামে অভিষেক বন্দ্যোপাধ্যায়, বিজেপির অপপ্রচারের বিরুদ্ধে তীব্র বার্তা
নিজস্ব সংবাদদাতা :- সেবাশ্রয় কর্মসূচি উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে নন্দীগ্রামে পৌঁছলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিকেল পৌনে তিনটে নাগাদ নন্দীগ্রামের খোদামবাড়িতে পৌঁছে তিনি হেঁটেই সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
এদিন তিনি নন্দীগ্রামের সেবাশ্রয়–১ শিবির ঘুরে দেখার পাশাপাশি দ্বিতীয় শিবিরও পরিদর্শন করেন। স্থানীয় মানুষের আবেদনে সাড়া দিয়েই নিজের সাংসদ এলাকা ডায়মন্ড হারবারের বাইরে এসে নন্দীগ্রামের দুই ব্লকে এই সেবাশ্রয় কর্মসূচির আয়োজন করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, নন্দীগ্রামে এই সেবাশ্রয় শিবির চলবে আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত।
সেবাশ্রয় শিবির পরিদর্শনের পাশাপাশি নন্দীগ্রাম ১ নম্বর ব্লকে সাংবাদিক সম্মেলন করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ধরেন। তিনি বলেন, রাজ্যকে নিয়ে বিজেপি যে অপপ্রচার চালাচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা। উন্নয়নের প্রশ্নে বিজেপির কোনও বাস্তব অবদান নেই বলেও দাবি করেন তিনি।
নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ভাষায় বলেন, বিভাজনের রাজনীতির মাধ্যমে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াতে চাইছে বিজেপি, কিন্তু বাংলার মানুষ আর সেই অপপ্রচারে পা দেবে না। তাঁর বক্তব্যে তৃণমূল কংগ্রেসের উন্নয়নমুখী রাজনীতি ও মানুষের পাশে থাকার বার্তাই উঠে আসে।
